এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২ সালের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’ সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাবার বিতরণ করেছে। শুক্রবার (২৪ জুন) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা চাল-ডালসহ ১৫ রকমের প্রায় ৯ টন নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাবার বিতরণ করেন। সুনামগঞ্জ সদরের গোবিন্দপুর, লালপুর ও রঙ্গারচর গ্রামের ৬শ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রবিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে’ এই নীতিতে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের কার্যক্রম চলছে তার প্রতিষ্ঠালগ্ন থেকে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। এরমধ্যে অন্যতম– করোনা মহামারিকালে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাবৃত্তি দেওয়া ও পরিবহন সুবিধা নিশ্চিতকরণ, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচি।
আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২ সালের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর হতে নিবন্ধিত।