ঢামেক হাসপাতাল থেকে ইনজেকশন পাচারকালে কর্মচারী আটক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সরকারি ইনজেকশন পাচারকালে ইসমাইল হোসেন (৩৪) নামে একজন ফার্মাসিস্টকে আটক করেছে র‍্যাবের গোয়েন্দারা। সোমবার (২৭ জুন) দুপুরে বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি বহির্বিবিভাগের ঔষধাগারের ইনজেকশন সেকশনের দায়িত্বে ছিলেন।

র‌্যাব জানায়, তার কাছ থেকে প্রায় দুইশ’ পিচ নেলবান ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫-২০ হাজার টাকা। তাকে আটক করে প্রথমে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে নেওয়া হয়। পরে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হকের নির্দেশক্রমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ডমাস্টার বাশার বাদী হয়ে তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

 এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম বলেন, অন্যায়কারী যে-ই হোক, তাকে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। তাকে সাজা পেতেই হবে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ইসমাইল হোসেন ঢামেক হাসপাতালে তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল‍্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তার বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্লা।