নড়াইলে কলেজ শিক্ষককে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রতিবাদে সমাবেশে করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৫টায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশ বক্তারা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এমন ঘটনাগুলোর বিচার কেন হচ্ছে না সেজন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। এছাড়া সমাবেশ থেকে সাম্প্রতিককালে ধারাবাহিক এমন যেসব ঘটনা ঘটে চলেছে সেগুলোর বিচারের দাবিতে আগামী ১ জুলাই প্রতিবাদ দিবস পালন করার ঘোষণা দেন তারা।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, পুলিশের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা দেওয়া, সম্মান রক্ষা করা। যেসব পুলিশ সদস্য নড়াইলের স্বপন কুমারের ঘটনায় দায়িত্ব পালন করতে পারেনি তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার পিছনে উসকানিদাতা একটি অংশ হলো ওই কলেজের শিক্ষকদের একটি অংশ। শিক্ষকদের মধ্যে যারা এই অপকর্ম করেছে তাদেরও গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, অতীতে এমন যেসব ঘটনা ঘটেছে সেসবের বিচার হয়নি। এতে অপরাধীরা মনে করে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে বাধা কোথায়। এই ঘটনাগুলোর কেন বিচার হয় না, অপরাধীরা শাস্তি পায় না এর জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।
সমাবেশে নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, আজকে যখন সবাই তাকিয়ে আছি পদ্মা সেতুর আলোকছটার দিকে তখন আমরা খেয়াল করছি কী এক ভয়াবহ অন্ধকার আমাদের সমাজকে গ্রাস করেছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে।আমার ভাবতে অবাক লাগে শিক্ষকদের এত সংগঠন রয়েছে। কিন্তু একটি সংগঠনও এর প্রতিবাদ করলো না কেন?
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জুনা চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, চারুশিল্পী সংঘের সাধারণ সম্পাদক কামাল পাশাসহ আরও অনেকে।