মৃত্যুবার্ষিকীতে দাদির কবরে মেয়র তাপসের শ্রদ্ধা

১৫তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত দাদি শেখ আছিয়া বেগমকে পরম শ্রদ্ধায় সপরিবারে স্মরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে বনানী কবরস্থানে শায়িত শেখ আছিয়া বেগমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সপরিবারে তিনি শেখ আছিয়া বেগমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় তাপসের স্ত্রী আফরিন তাপস, দুই সন্তান শেখ ফজ‌লে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  শেখ ফজলুল হক মনির মা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দাদি শেখ আছিয়া বেগম ২০০৭ সালের ২৮ জুন ইন্তেকাল করেন।