নিখোঁজ ব্যবসায়ী হিলালীর সন্ধান চায় পরিবার

উত্তরা থেকে নিখোঁজ আশালয় হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবসায়ী আমিন মোহাম্মদ হিলালীর সন্ধান চায় তার পরিবার। নিখোঁজ হিলালী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দুর্নীতি মামলার অন্যতম আসামি।

রবিবার (৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সন্ধান চাওয়া হয়।

সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ী আমিন মোহাম্মদ হিলালীর ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী বলেন, 'গত শুক্রবার (১ জুলাই) রাত ৮টার দিকে বাসা থেকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে বের হন আমার ভাই। এ সময় ড্রাইভার জামাল উদ্দিনকে ফোনে অফিসে যাবেন জানিয়ে দশ থেকে পনের মিনিট পরে অফিসে আসতে বলেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি বাসায় ও অফিস কোথাও যাননি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।'

তিনি বলেন, এ ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় আমি জিডি করি। জিডি নং-৫৮। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় উৎকণ্ঠায় সময় পার করছে পরিবারের সদস্যরা।

নিখোঁজের ছোট ভাই বলেন, আমি আমার ভাইয়ের সন্ধান চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। কারও বিরুদ্ধে আমাদের অভিযোগও নাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে। যদি মামলা থেকে বাঁচতে তিনি নিজেই নিখোঁজ হয়ে থাকেন, তাহলে সরকার তাকে খুঁজে বের করুক!