বিলাইছড়িতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৩ জনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ 

রাঙামাটির বিলাইছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ৩ জনকে গুলি করে হত্যা, খাগড়াছড়ির মহালছড়িতে ৩৭ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট এবং টাঙ্গাইলের মধুপুরে গারো সম্প্রদায়ের একজনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার (৮ জুলাই) সকাল পৌনে ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে ‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ’। সংহিতি জানিয়ে উপস্থিত ছিল বাংলাদেশ ত্রিপুরা খ্রিস্টিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

সমাবেশে বক্তারা বলেন, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কীভাবে স্থানীয়দের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিতে পারে। বন বিভাগের একজন রেঞ্জ কর্মকর্তা কীভাবে হত্যার হুমকি দেয়। ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা যাবে না। তারা জীবন দিয়ে ভূমি রক্ষা করে আসছে। ভূমি দখলের মাধ্যমে সরকারের উচ্ছেদের প্রকল্প কোনোদিন সফল হবে না।

‘আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের’ সভাপতি অলিক মৃ বলেন, পাহাড় কিংবা সমতলে যারা বাংলাদেশের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে চলছে,কয়েকদিন পরপর  সেই নৃগোষ্ঠীর ওপর নির্যাতন চলছে। আমরা বারবার এই অনিয়মের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত একটি খুন বা নির্যাতনের বিচার হয়নি।  মুসলিম ভাইয়েদের পবিত্র ইদুল আজহা, কিন্তু আমরা তাদের খুশির সঙ্গে খুশি হতে পারছি না। রাষ্ট্রীয় মদদে কীভাবে ত্রিপুরা গ্রামবাসীদের হত্যা করা হয়েছে প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বাংলাদেশ ত্রিপুরা খ্রিস্টিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরব ত্রিপুরা বলেন, বারবার আমাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এ দেশে এই নির্যাতনের মধ্যে আমরা কীভাবে বেঁচে থাকবো। সরকারের কাছে আমাদের দাবি, সকল নির্যাতনকারীকে বিতাড়িত করবেন।’

মানবাধিকারকর্মী মহিবুল হক বলেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন ‘আদিবাসী যুব ফোরামের’ সভাপতি অনন্ত নামাই, ‘আদিবাসী যুব পরিষদ’ সভাপতি হরেন্দ্রনাথ সিং, হাজং স্টুডেন্ট কাউন্সিল ঢাকা মহানগর শাখার সভাপতি নাইম হাজংসহ অনেকে।

আরও পড়ুন...

পাহাড়ে বাবা-ছেলেসহ ৩ জনকে গুলি করে হত্যা