দ্য ববসের চলতি আসরের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে আগামী ৩ মার্চ পর্যন্ত। ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনলাইন প্রকল্পকে মনোনয়ন করতে পারেন www.thebobs.com/bengali ঠিকানায়। বাংলাসহ ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেওয়া যাবে। চলতি বছর চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো-
‘সোশ্যাল চেইঞ্জ’ বা ‘সামাজিক পরিবর্তন’ বিভাগে ডিজিটাল উপায়ে সমাজে পরিবর্তন আনতে ভূমিকা রাখছে এমন প্রকল্প বা ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে শিক্ষা, সমতা, স্বাস্থ্য এবং পরিবেশের মতো বিষয়াদি প্রাধান্য পাবে।
‘টেক ফর গুড’ বা ‘প্রগতির জন্য প্রযুক্তি’ বিভাগে গুরুত্ব পাবে এমন সব প্রকল্প যা তথ্য সুরক্ষা, বিনা খরচার সফটওয়্যার, অনলাইন নিরাপত্তা কিংবা সেন্সরশিপ এড়াতে কাজ করছে।
‘আর্টস অ্যান্ড কালচার’ বা ‘শিল্প এবং সংস্কৃতি’ বিভাগে এই নামের সঙ্গে সম্পৃক্ত ইন্টারনেট প্রকল্প প্রাধান্য পাবে।
‘সিটিজেন জার্নালিজম’ বা ‘নাগরিক সাংবাদিকতা’ বিভাগে প্রাধান্য দেওয়া হবে ব্লগার বা সাংবাদিকদের যারা ইন্টারনেট প্রযুক্তির সুবিধা কাজে বিকল্প উপায়ে মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছেন।
এছাড়া, ডয়চে ভেলে বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গতবছর এই পুরস্কার জয় করেন সৌদি আরবে কারারুদ্ধ ব্লগার রাইফ বাদাউয়ি। দ্য বব্স প্রতিযোগিতার সম্পর্কে ডয়চে ভেলের প্রোগ্রাম ডিরেক্টক গ্যার্ডা ময়ার বলেছেন, ‘ভাষা এবং সংস্কৃতির বাধা ডিঙিয়ে আমরা সেই সব সৃজনশীল ব্যক্তিকে স্বীকৃতি দিতে চাই, যারা বাকস্বাধীনতা রক্ষায় এবং উন্মুক্ত সমাজ গড়ায় কাজ করছেন। তাদের কাজ অবশ্যই বিশ্ববাসীর স্বীকৃতির দাবিদার।’
১৪ দেশের ১৪ বিচারক বিজয়ী নির্ধারণ করবেন
ইন্টারনেট ব্যবহারকারীদে জমা দেওয়া মনোনয়নগুলো যাচাইবাছাই এবং চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবেন দ্য বব্স- এর চৌদ্দটি ভাষার বিচারকরা। গত বছর অনলাইন ৪,৮০০ মনোনয়ন জমা পড়েছিল। চূড়ান্ত মনোনীতদের তালিকা ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ৩১ মার্চ। আর চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২ মে, বার্লিনে এক সংবাদ সম্মেলনে।
থাকছে অনলাইন ভোটের সুযোগ
দ্য বব্স বিচারকমণ্ডলী তাদের পছন্দের ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নির্ধারণ করবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে নির্বাচন করা হবে ‘ইউজার অ্যাওয়ার্ড’ বিজয়ীদের। www.thebobs.com/bengali ওয়েবসাইটে ভোটাভুটি চলবে ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত।
চলতি বছর দ্য বব্স-এ বাংলা ভাষার বিচারক হিসেবে থাকছেন মুক্তমনা ব্লগের মডারেটর বন্যা আহমেদ। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন, সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম, চায়না ডিজিটাল টাইমস, আইফেক্স, গ্লোবাল ভয়েসেস অনলাইন, ওয়াজা, সত্যগ্রহ, ওয়েবদুনিয়া, গয়া, হোরোমাডস্ক, নভয়ি ভ্রেমিয়া এবং মিডিয়াটাভা।
/এজে/আপ-এনএস/