প্রকৌশলী সুব্রত সাহার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলী সুব্রত সাহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা। সোমবার (১৮ জুলাই) ঢাকার রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী রিয়াসাত সুমন বলেন, ‘গত ২৫ মে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুয়েটের ১৮তম ব্যাচের প্রকৌশলী সুব্রত সাহার অস্বাভাবিক মৃত্যু হয়। যাকে হোটেল কর্তৃপক্ষ আত্মহত্যা বলে প্রচার চালিয়ে আসছে। ঘটনার দুই মাস পার হলেও এখন পর্যন্ত মৃত্যুর কারণ দৃশ্যমান হয়নি বা তদন্তেও বেরিয়ে আসেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা সুব্রতর পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা মৃত্যুর বিষয়ে যে তথ্য দিয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের তথ্যের মিল নেই। পরিবার ও হোটেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সুব্রত সাহার মৃত্যু নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।’

রিয়াসাত সুমন বলেন, ‘চুয়েটের ১৮তম ব্যাচের শিক্ষার্থীসহ প্রকৌশল সমাজ মনে করে, নিরপেক্ষ তদন্ত হলে এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা স্পষ্ট হবে এবং সঠিক কারণ চিহ্নিত করে অপরাধীদের বিচারের আওতায় আনা যাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী সুব্রত সাহার স্ত্রী নুপূর সাহা, প্রকৌশলী মাকসুদুর রহমান ভূঁইয়া, প্রকৌশলী নাসিম হাসান প্রমুখ।