সংসদে ৫০টি সংরক্ষিত আসনের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে কমপক্ষে ৫০টি সংরক্ষিত আসন সৃষ্টির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। এছাড়াও তাদের দাবি, জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদে দুই জন করে মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের জন্য সংরক্ষিত সদস্য পদ সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ থেকে দাবি করা হয়, চাকরিতে ৩০ শতাংশ কোটা পুনর্বহাল এবং বয়সসীমা ৩৫ বছর করতে হবে। মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করাসহ মুক্তিযোদ্ধাদের শ্রেণি ও মর্যাদা নির্ধারণ করতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে কর্মসূচিতে ঢাকা বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা অংশগ্রহণ করেছেন।