বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশসহ বিশ্বের ১৬০টি দেশে ব্যবসা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। পররাষ্ট্র দফতরের ২০২২ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট নামের ওই প্রতিবেদন বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টায় প্রকাশ করা হয়। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুধু বাজার পরিস্থিতি নয়, বিভিন্ন দেশের সরকারগুলো কীভাবে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুসরণ করে, দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের সক্ষমতা গড়ে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে এবং জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় প্রশমন ও অভিযোজনের জন্য নীতিমালা বাস্তবায়ন করে— সে সব বিষয় রয়েছে প্রতিবেদনগুলোতে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন প্রকাশিত বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইডে বিশদভাবে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবসা করতে গেলে একটি কোম্পানিকে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে; সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবিরাম আগ্রহের ৯টি খাতে তাৎপর্যপূর্ণ সম্ভাবনাগুলোও ব্যাখ্যা করা হয়েছে।

২০২২ সালের বাংলাদেশ কান্ট্রি কমার্শিয়াল গাইড এবং অন্যান্য দেশের গাইডগুলো পেতে https://www.trade.gov/ccg-landing-page এই লংকে ক্লিক করুন।

বাংলাদেশি ও আন্তর্জাতিক সূত্রগুলো থেকে তথ্য সংগ্রহ করে দুটি রিপোর্ট প্রস্তুতের ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা রেখেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক বিভাগ।