হাইকোর্ট থেকে খালাসের পরও চট্টগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় সাত বছর ধরে কনডেম সেলে থাকা আবুল কাশেমের বিষয়ে আবেদন আকারে আসার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
ওই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
ওই ঘটনায় একটি অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লোহাগাড়া থানার জানে আলম হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আবুল কাশেম। তার খালাস পাওয়ার আদেশ যথাসময়েই উচ্চ আদালত থেকে পৌঁছেছে অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে। কিন্তু আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি ৭ বছর ৩ মাস ১১ দিনেও।
একটি মামলায় ২০১৫ সালের ১৪ এপ্রিল অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজিরা দিতে গেলে আবুল কাশেমকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সে দিন থেকে কারাগারের কনডেম সেলে আছেন আবুল কাশেম।
আবুল কাশেম লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা আমির খান চৌধুরী পাড়ার বেলায়েত আলীর ছেলে।