ওসি মনিরুলের বিরুদ্ধে তদন্ত চাইলে আবেদনের পরামর্শ হাইকোর্টের

রাজধানীতে একটি আটতলা বাড়ি-প্লটসহ বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চাওয়ার বিষয়ে আবেদন আকারে আসার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

ওই ঘটনায় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর সোমবার (৮ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আর দুদকের পক্ষে আছেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ৫ আগস্ট একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে রাজধানীতে একটি আটতলা বাড়ি, প্লটসহ বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিপুল সম্পদের তথ্য তুলে ধরা হয়।

পরে বিষয়টি হাইকোর্টের নজরে এনে এ বিষয়ে পদক্ষেপ ও তদন্তের নির্দেশনা চান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় তিনি ওসির সম্পদের উৎস কী তা জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার দায়িত্ব দিতে আবেদন করেন।

তখন আদালত বিষয়টি আবেদন আকারে নিয়ে আসতে বলেন।

পরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি আবেদনের প্রস্তুতি নিচ্ছি।

জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকায় আটতলা বাড়ি করেছেন। বানাচ্ছেন আরেকটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে তার রয়েছে চারটি প্লট। বাড়ি, প্লটসহ এই বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’