নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। রূপগঞ্জে আবির হোসেন সুমন (১৭) ও ফতুল্লায় আহাদ নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়।
সোমবার (২২ আগস্ট) ঘটনা দুটি ঘটে।
মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, সংশ্লিষ্ট থানাকে বিষয় দুটি অবিহিত করা হয়েছে।
রূপগঞ্জের মুড়াপাড়া ডিগ্রী কলেজের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় আবির হোসেন সুমন (১৭)। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকালে তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল আবির। পাশাপাশি কাজী নজরুল ক্রিকেট একাডেমি'র খেলোয়াড় ছিল।
স্থানীয় কলেজ মাঠে খেলাধুলা শেষে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় আবির। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছেন মৃত আবিরের বড় ভাই আরিফ হোসেন।
বরিশাল জেলার মুলাদী উপজেলার হোসনাবাদ গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে আবির ।
অপরদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় শহিদনগর এলাকায় বাড়ির পাশে পুকুরে পড়ে দেড় বছর বয়সী শিশু আহাদের মৃত্যু হয়েছে। দুপুরে শিশুর বাবা জহিরুল ইসলাম কাজে বাইরে ছিলেন, মা রুমা আক্তার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলাধুলা করছিল। কিছু সময় পর শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন মা। খোঁজাখুঁজি করতে করতে জানতে পারেন, বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসছে আহাদ। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল আহাদ। গ্রামের বাড়ি বরগুনা উপজেলায়।