রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে দোকান মালিকের ছেলে সাইফুলের (৩৫) ছুরিকাঘাতে আহত হয়েছে ভাড়াটিয়ার মাদ্রাসা পড়ুয়া শিশু ইউসুফ (৯)। বুধবার (২৪ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার দু হাত, পা ও পেটে ছুরিকাঘাতের জখম রয়েছে। ওয়ারী জয়কালী মন্দিরের পাশে তাদের বাসা। ইউসুফ স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির বাবা মো. আলী জানান, ওই মার্কেটে তিনি দীর্ঘদিন ধরেন ব্যবসা করছে। তাদের একটি দোকানও রয়েছে। সাইফুলদের কাছ থেকে আরেকটি দোকান ভাড়া নিয়ে লুঙ্গির দোকান পরিচালনা করছেন। তিনি বলেন, বাচ্চা তার নানা সঙ্গে দোকানে এসে ছিল। আমি ইউসুফের বাচ্চার নানার সঙ্গে কথা বলে নামাজে যাই। সে সময় ইউসুফ আশপাশে হাটাহাটি করছিল। তাকে সাইফুল ডেকে ধরে নিয়ে ছুরি মারে। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করেন। আমি নামাজ থেকে ফিরে জানতে পারি। আর সাইফুল আমাকে জানিয়েছে ‘তোকে তো পারলাম না, তোর ছেলে কে মারলাম’।
এদিকে শিশুটিকে তার নানা ও তাদের দোকান কর্মচারীরা ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। সে বর্তমানে চিকিৎসাধীন।
কী কারণে ছেলে কে মেরেছে —জানতে চাইলে মো. আলী জানান, হিংসা ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা জানতে পারেননি। মাঝেমধ্যেই সাইফুল বলতো তোরা ছিলি আমাদের দোকান কর্মচারী এখন মালিক হয়ে গেছিস।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।