জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের স্ত্রী ফাতেমা আমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার জামিন আবেদনর শুনানি নিয়ে সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মো. আক্তার রসুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল আহসান খান (আসলাম)।
এর আগে গত ৪ জুলাই বিকালে জাতীয় প্রেসক্লাবের খোলা স্থানে ব্যবসায়ী গাজী আনিস নিজের গায়ে আগুন দেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিস চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই ভোরে মারা যান।
পরেরদিন ৫ জুলাই দুপুরে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও ফাতেমা আমিনের বিরুদ্ধে আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। একইদিন রাতে রাজধানীর উত্তরা থেকে স্ত্রীসহ হেনোলাক্সের মালিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পরে জানা গেছে, আগুনের ঘটনার দুই মাস আগে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। ৫০ বছর বয়সী আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।