শেখ হাসিনাকে উৎসর্গ করা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান নিয়ে আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উদযাপনের লক্ষ্যে তাকে নিবেদিত কবিতার সংকলন ‘পিস অ্যান্ড হারমনি’-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজনের জন্য একটি আইডিয়া শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৫২টি কবিতার সংকলনটি ৭১টি ভাষায় অনূদিত হয়েছে। পিস অ্যান্ড হারমনি ট্রাস্টের উদ্যোগে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানের জন্য বিশিষ্টজনদের পরামর্শ নিতেই এই সভার আয়োজন করা হয় বলে জানান এর অন্যতম উদ্যোক্তা আনিস মুহাম্মদ। অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হবে ২৬ কিংবা ২৭ সেপ্টেম্বর।

আয়োজকরা জানান, সারা বিশ্বের বিলুপ্ত ভাষার পুনরুদ্ধার ও জীবন্ত ভাষা বিকাশের লক্ষ্যে ৭১টি ভাষায় অনূদিত হয়েছে বইটি। এগুলোর মধ্যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষাও যুক্ত করা হয়েছে।

ভাষাগুলোর মধ্যে আছে—বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, জাপানিজ, ফরাসি, ইতালীয়, জার্মান, সুইডিশ, স্প্যানিশ, তুর্কি, আরবি, ফার্সি, রুশ, চায়নিজ, কোরিয়ান, উর্দু, সংস্কৃত, পালি, কিহুন্ডি (কঙ্গো), তামিল (শ্রীলঙ্কা), ডিবেহি (মালদ্বীপ), জংখা (ভুটান), মণিপুরি, চাকমা, মারমা, রাখাইন, অর্থা, তঞ্চজ্ঞ্যা, গারো, খিয়াং, চাক, বম, অহমিয়া, ককবরক, ম্রো, সাঁওতাল, হাজং, পাংথুয়া, মণিপুরি বিষ্ণুপ্রিয়া, মারাঠি, গুন্ডি, মাড়িয়াল, ধানদামি মাবিয়া, পানা, গাড়ুয়া, মাজি, রাজগুন্ডি, কোয়া/কোভি, কালামি, ভিলি, ভূমিঞা, পাটাড়ি/পার্দানি, মালটো, তেলেগু, ভোজপুরি, সাদরি, থার, সাদরি (মালো), দেবনাগরি, মালহা, কুড়ুক, ঠার বা উল্টি, মুন্ডারি, মাহলি, কামারি, খঠারি, বিন্দি ও পাহাড়িয়া।

আনিস মুহাম্মদ জানান, এখানে বেশ কিছু সংস্করণ আছে। আজকে যার চোখে যা ধরা পড়ে সেসব আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। এই অনুষ্ঠানের ধরন কী রকম হতে পারে সেই পরামর্শ নেওয়ার জন্যই আজকের এই আয়োজন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করেন।

অতিথিদের মধ্যে ছিলেন কবি আজিজুর রহমান আজিজ, কবি ঝর্ণা রহমান, লেখক ড. আবুল আজাদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, ড. মনোরঞ্জন ঘোষাল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমির পরিচালক সুজন কুমার হাজং, লেখক পারভেজ চৌধুরী, ড. আহমেদ আবিদ, ড. মিল্টন বিশ্বাস, ড. মো. জাকেরুল আবেদীন, বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের সভাপতি সিপন চন্দ্র সিং প্রমুখ।