চকরিয়ায় পিকআপচাপায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিকআপভ্যানচাপায় একই পরিবারের পাঁচ ভাইসহ নিহতদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডসহ সংশ্লিষ্ট ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে ওই দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্থ পরিবার কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তা নিরুপণ করে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরীন ও মো. শাহীনুজ্জামান।   

এর আগে গত ৩০ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সুরেশ চন্দ্র সুশীল। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে এসে একটি পিকআপভ্যান চাপায় ৯ ভাইবোনের মধ্যে ৫ ভাইয়ের মৃত্যু হয়। ৮ ফেব্রুয়ারি ভোরে মালুমঘাট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মিলালিনি সুশীলের পাঁচ ছেলে অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯) নিহত হন। আহত হন আরও তিন ভাই–বোন।

ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জল পাল ও জাহিদ হোসেন দোলন রিটটি দায়ের করেন।