পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ হিজড়া গ্রেফতার

পরিবহনের চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা পশ্চিম থানা। শনিবার (৩ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মৌসুমী (৩২), অনিকা (২৯), তুলি (২৪) ও দুলী (২৫)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এ এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতো। চাঁদা না দিলে তারা আপত্তিকর আচরণ করতো।

তিনি আরও বলেন, তারা আজ উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বি এন এস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে। পরে ম্যানেজার জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে যায়। আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারের সামনে চেঁচামেচি করতে থাকে। এই ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।