প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গত ১ সেপ্টেম্বর তিনি নতুন মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি থেকে পিডিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গত ৩১ আগস্ট তিনি স্বাভাবিক অবসরে যান।
রবিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিডিবির জনসংযোগ পরিদফতরের পরিচালক মো. শামীম হাসান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশলী মাহবুবুর রহমান ১৯৬৩ সালের ১ সেপ্টেম্বর শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। তিনি নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ১৯৯৫ সালে এমএসসি (হাইড্রো-পাওয়ার) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের কোচি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিভিন্ন পেশাগত কোর্স সম্পন্ন করেন।
মাহবুবুর রহমান ১৯৮৬ সালের ১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে আইপিপি সেল-১ ও আইপিপি সেল-৩ এবং প্রধান প্রকৌশলী, প্রাইভেট জেনারেশন হিসেবে দায়িত্ব পালন করেন।