আন্দোলনে হামলা ও নির্যাতনের অভিযোগ চাকরিপ্রত্যাশীদের

চাকরিতে বয়সসীমা ৩৫ এর দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থী, শিক্ষার্থীর ওপর হামলা-নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। তারা রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)  হারুন অর রশিদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছেন। মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চাকরিপ্রার্থীরা।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনের নেতা সাজিদ সেতু বলেন, আমরা চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে শাহবাগে জনসমাবেশ আয়োজন করি। যেখানে প্রায় ৫ শতাধিক চাকরিপ্রত্যাশী একত্রিত হয়।

তিনি আরও বলেন,  বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এডিসি হারুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা ও নির্যাতন হয়। পুলিশ সদস্যরা নারীদের ওপরও নির্যাতন করেছে। সকল প্রকার হামলা ও নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

সংগঠনের আরেক নেতা ইমতিয়াজ হোসেন বলেন, করোনার কারণে সকল বয়সী শিক্ষার্থীরা ২ বছরের অধিক সময় হারানোর পর আমরা আবারও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি বিভিন্ন দফতরে আমরা যোগাযোগ করেছি স্মারকলিপি দিয়ে। আশা করছি প্রধানমন্ত্রী শেখা হাসিনার সঙ্গে দেখা করলে এই বিষয়টি আমরা তাকে উপলব্ধি করাতে পারবো। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।