মোংলা বন্দরে ৮ মিটার গভীর জাহাজ ভিড়বে আগামীকাল

মোংলা বন্দরের মেইন জেটিতে ৮ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) ট্রায়াল জাহাজ ভিড়বে।

রবিবার (১১ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মোংলা বন্দরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নৌ-প্রতিমন্ত্রী জানিয়েছেন, মোংলা বন্দরের মেইন জেটিতে ৮ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর লক্ষ্যে মেইন শিপিং লাইন ‘মার্স্ক লাইন’ কার্যক্রম গ্রহণ করেছে। এতদিন মোংলা বন্দরের মেইন জেটিতে নিয়মিত ৭ মিটার ড্রাফটের জাহাজ ভিড়েছে। মোংলা বন্দরে বেশি বেশি জাহাজ আনতে মেইন শিপিং লাইনারদের সঙ্গে কথা হচ্ছে। মোংলা বন্দরে একটি ‘মোবাইল হারবার ক্রেন’ থেকে চারটি ‘মোবাইল হারবার ক্রেন’ সংগ্রহ করা হয়েছে। এখানে  আমদানি-রফতানির ক্ষেত্রে স্ক্যানিংয়ের জন্য একটি স্ক্যানার রয়েছে। আরও একটি স্ক্যানার সংগ্রহের কার্যক্রম চলছে।

অনলাইন সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও বিভাগীয় প্রধানরা।