তেজগাঁওয়ে স্কুলছাত্র নিহতের ঘটনায় চালক রিমান্ডে

প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় গ্রেফতার চালক জিয়াউল হককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য জানান।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়।

গত ১১ সেপ্টেম্বর সকালের দিকে প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়।