বৈদ্যুতিক তার, যন্ত্রাংশ ও ট্রান্সফরমার চোরচক্রের সদস্য শরিফুল ইসলাম ওরফে শরিফকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
বুধবার (৫ অক্টোবর) খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
এসময় ৮টি সার্কিট ব্রেকার, ১২টি ডিস্ক ইন্সুলেটর, ১০টি টেনশন ক্লাম্প, ১০টি পোস্ট ইনসুলেটর, ২টি ডাব কাট-আউট, ১টি সাইড মাউন্ট ব্র্যাকেট ও ৪টি সেকল ইনসুলেটর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, গ্রেফতার শরিফ স্বীকার করেছে যে, বিদ্যুৎ বিভাগের সাব-কনট্রাক্টরদের সাথে যোগসাজশে এই চক্রটি চুরির কাজটি করে থাকে।
এই চুরি এক দিকে যেমন বিদ্যুৎ বিভ্রাট তৈরি করছে অন্যদিকে সরকারি সম্পত্তির ক্ষতি করছে।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বাংলা ট্রিবিউনকে বলেন, সারা বাংলাদেশেই একটি চক্র দেশবিরোধী চক্রান্তের অংশ হিসেবে বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক লাইন সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিদ্যুতের সংযোগ না পেয়ে মানুষ কষ্ট করছে।