জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কিশোরী স্বাস্থ্যসুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণ জরুরি। এক্ষেত্রে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক, শিক্ষকসহ সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আয়োজিত 'কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাল্যবিবাহের সঙ্গে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কার্যক্রম নিয়েছেন। মেয়েরা উপবৃত্তি পাচ্ছে, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ সরকার নিয়েছে। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।
ডা. মো. আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. আ ফ ম রুহুল হক এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা মিরা এমপি, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ।