রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা থেকে সাবিহা রহমান (৩৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে বাসায় এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বামী প্রকৌশলী তরফদার আবু মাহমুদ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।
তরফদার আবু মাহমুদের স্ত্রী তার মামাতো বোন। আবু মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। আমি অফিসে ছিলাম। সন্তানদের মাধ্যমে সংবাদ পাই সাবিহা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছে। সে সময় দুই সন্তান পাশের রুমে ছিল। পরে দ্রুত বাসায় গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিই। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সাবিহার গ্রামের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার ১৪, কাজী ইসমাইল লিংক রোডে।