মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির মূলমন্ত্রে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সারা দেশে প্রতিনিধি সভা করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এর অংশ হিসেবে শুক্রবার (১৪ অক্টোবর) মাদারীপুরে সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর, ফরিদপুর শরিয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী জেলার প্রতিনিধিরা এতে অংশ নেন।
শুক্রবার সন্ধ্যা ৬টায় পটুয়াখালীতে বরিশাল অঞ্চলের সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার দুপুর ২টায় যশোরে খুলনা অঞ্চলের প্রতিনিধি সভা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনির সই করা সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর পৌরসভা সভাকক্ষে আয়োজনে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুর রহমান ফরিদ। এতে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্ এবং সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ।
এনায়েত হোসেন নান্নুর সঞ্চালনায় অংশগ্রহণকারী জেলাগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনা করেন— মাদারীপুর প্রতিনিধি খান মো. শহীদ, ফরিদপুর প্রতিনিধি সিরাজ ই কবির খোকন ও আসমা আক্তার মুক্তা, শরিয়তপুর প্রতিনিধি শাহ্ জালাল মিয়া, গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান এবং রাজবাড়ী প্রতিনিধি ইকবাল হোসেন।
এদিকে বরিশাল অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়। সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জোটের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গোলাম কুদ্দুছ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বরিশাল বিভাগের সমন্বয়ক আফজাল হোসেন লাবুর সভাপতিত্বে ও জোটের পটুয়াখালী সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় প্রতিনিধি সভার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। এ সময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিব।
সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলার প্রতিনিধিরা তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, দেশের সব অস্থিতিশীলতা দূর করতে ৭২-এর সংবিধান কার্যকর করা দরকার। এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারীদের সব কাজে সমান অধিকার নিশ্চিত করতে হলে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। একজন সাংস্কৃতিক কর্মী তার গান, নাচ, অভিনয় অথবা আবৃত্তি দিয়ে অনেক মানুষকে প্রভাবিত করতে পারেন। তাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হবো।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ বলেন, ‘দেশের সব সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে আগামী জানুয়ারি মাসের ৬, ৭ ও ৮ তারিখে ঢাকায় তিন দিনব্যাপী সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হচ্ছে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ এ সমাবেশকে সাফল্যমণ্ডিত করবে। প্রত্যেক জেলা থেকে একজনকে জোটের জাতীয় পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার বাস্তবায়ন হবে।’