এখন থেকে সুউচ্চ ভবনের ২৪ তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হবে ফায়ার সার্ভিস। বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন ট্যাবল লেডারের (টিটিএল) সংযোজন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার (১৬ অক্টোবর) রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে টিটিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০০৯ সালে যেখানে ফায়ার সার্ভিসের বহুতল ভবনে কাজ করার মতো একটি পুরনো গাড়ি ছিল, যার উচ্চতা ছিল ৪৩ মিটার। তবে সেটা দিয়ে ৮ থেকে ২০ তলার ওপরে কাজ করা যেতো না। বর্তমান সরকারের আমলে এই প্রতিষ্ঠানের জন্য বহুতল ভবনে কাজ করার মতো উঁচু মইকারি আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ২৪ মিটার বা ২২ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করার সক্ষমতা ছিল। আজ ৬৮ মিটার উচ্চতার লোডের দুটি গাড়ি ফায়ার সার্ভিসের বহরে যুক্ত হওয়ায় তাদের অপারেশনাল কাজের সক্ষমতা ২৪ তলা পর্যন্ত সম্প্রসারিত হলো।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন তার স্বাগত বক্তব্যে বলেন, ‘প্রতিটি থানায় একটি করে ফায়ার সার্ভিসের নির্মাণকাজ চলমান রয়েছে। সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। মনোবল এবং উৎসাহ বৃদ্ধি পেয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। ফায়ার সার্ভিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার জন্য সব সদস্যরা সবসময় তৎপর রয়েছেন।