মামলা বদলির আবেদন ক্রিকেটার আল আমিনের স্ত্রীর

জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানের ভরণপোষণ ও সন্তানদের পড়ালেখার খরচের দাবিতে করা মামলাটি বদলির আবেদন করেছেন। রবিবার (১৬ অক্টোবর) ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে এ আবেদন করেন আল-আমিনের আইনজীবী আব্দুর রহমান। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে বিচারাধীন রয়েছে।

বদলির আবেদনে বলা হয়, এ মামলায় আদালত শুনানির জন্য ১২ অক্টোবর দিন ঠিক করেন। তবে গত ১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগের খুলনা বিভাগ বনাম ঢাকা মেট্রো বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আল-আমিন খুলনা বিভাগের হয়ে ১১ সদস্যের দলে অন্তর্ভুক্ত হওয়ায় ১২ অক্টোবর আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আসামি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। বাদীপক্ষকে আপত্তি শুনানি করার জন্য আদেশ দেন।

আবেদনে আরও বলা হয়, এতে বিচারিক আদালতে মামলাটির বিচার কার্য পরিচালনা করা একান্ত আবশ্যক। অন্যথায় মামলার আসামির অপূরণীয় ক্ষতি হবে। যে কারণে আসামির ধারণা, তিনি ওই আদালতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

আজ রবিবার একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচ দাবির মামলায় ক্রিকেটার আল-আমিনের দেওয়া লিখিত জবাবের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। সে মোতাবেক দুই সন্তান নিয়ে মামলার বাদী ইসরাত জাহান ও বিবাদী আদালতে উপস্থিত হন। তবে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত থেকে মামলাটি বদলির জন্য আবেদন করা হয়েছে বলে আদালতকে জানান আসামি পক্ষের আইনজীবী। এজন্য দুই পক্ষ উপস্থিত হলেও শুনানি অনুষ্ঠিত হয়নি।

এর আগে গত ১২ অক্টোবর মামলাটির জবাব শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আল আমিন আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। অপরদিকে, আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের আইনজীবী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত পরবর্তী শুনানির জন্য  রবিবার ( ১৬ অক্টোবর) দিন ধার্য করেন।

গত ৬ অক্টোবর এই মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে জবাব দাখিল করেন আল আমিনের আইনজীবী। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন।

জবাবে আল আমিন উল্লেখ করেন, গত ২৫ আগস্ট স্ত্রীকে তিনি তালাকের নোটিশ দিয়েছেন। তিনি মোহরানা ও খোরপোষ দিতে রাজি আছেন। আর দুই সন্তানের খরচ তিনি নিয়মিত দিচ্ছেন বলে উল্লেখ করেন। পরে বিচারক শুনানির জন্য আজ বুধবার (১২ অক্টোবর) দিন ধার্য করেন।

গত ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ মামলাটি করেন আল আমিনের স্ত্রী।

মামলায় অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামি শরিয়ত মোতাবেক ইসরাত জাহান ও আল আমিন বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে আল আমিন স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দেন না। যোগাযোগও করেন না।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে মারধর ও জখম জখম করেন। তার সঙ্গে আর সংসার করবেন না বলে জানান। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।

এরপর গত ৩ সেপ্টেম্বর আল আমিন তার মায়ের মাধ্যমে জানান, ইসরাতের সঙ্গে সংসার করবে না এবং সন্তানদের ভরণপোষণ দেবেন না। প্রয়োজনে বাসা থেকে বের করে দিয়ে স্ত্রীকে তালাক দেবেন।

বিবাহবহির্ভূত সম্পর্কে আসক্তির কারণেই আল আমিন এমন কাজ করেছেন বলে অভিযোগ করেন তার স্ত্রী।