সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অর্থ মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট রাশেদুল হক। তিনি জানান, গত ১০ মে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণের জন্য বলা হয়। কিন্তু এ বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করা হয়নি।
এতে করে অনেক চাকরিপ্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। বঞ্চিত এক চাকরিপ্রত্যাশী বয়সের ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। কিন্তু বিজ্ঞপ্তি সংশোধন না করায় মির্জা রকিবুল হাসান নামে চাকরিপ্রত্যাশী নতুন নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদেশসহ রুল জারি করলেন আদালত।