নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে নতুন তারিখ ঘোষণা করে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে আলাবক্স টিটুর প্রার্থিতা আর থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৪ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন প্রার্থী আলাবক্স টিটু। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন আলাবক্স তাহের টিটু।
রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিল আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে টিটুকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।
পরে গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম সেই আবেদনের শুনানি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগে মামলাটি শুনানিতে ওঠে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত করে।