ঝড়ের শঙ্কা কাটিয়ে উপকূলীয় ৩ বিমানবন্দরে কার্যক্রম চালু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশের দক্ষিণাঞ্চলের তিনটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে শঙ্কা কেটে যাওয়া সেগুলো আবারও চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দরগুলো হচ্ছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর  ও বরিশাল বিমানবন্দর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানিয়েছেন, দুপুর ১২টার থেকে বিমানবন্দর তিনটির উড্ডয়ন কার্যক্রম চালু করা হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি হলেও বিমান চলাচলে উপযোগী পরিস্থিতি আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সে কারণে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল যথারীতি বন্ধ চালু আছে।