পুলিশের জিম্মায় থাকা ১২টি বাস পোড়ানোর ঘটনায় করা মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাদের দ্রুত বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (৩০ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।
এর আগে, গত ১২ মার্চ ২ হাজার কোটি টাকার অর্থ পাচার মামলায় গ্রেফতার ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে ১২টি বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়। বাসগুলো দুই ভাইয়ের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের। এগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জব্দকৃত হিসেবে ফরিদপুর জেলা পুলিশের জিম্মায় ছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফফার বাদী হয়ে বাসগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নাশকতা উল্লেখ করে মামলা করেন। এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
অর্থ পাচার মামলায় আদালতের মাধ্যমে সাউথ লাইন পরিবহনের ২২টি বাস আলামত হিসেবে ২০২০ সালে জব্দ করেছিল সিআইডি পুলিশ। বাসগুলো ফরিদপুর শহরের গোয়ালচামটে ওজোপডিকো কার্যালয়ের সামনে রাখা হয়। বাসগুলোর মধ্যে ১০টি সেড দিয়ে ঘেরা ছিল এবং ১২টি ওই জায়গার পাশে নিচু জমিতে রাখা ছিল। গত ১২ মার্চ পৌনে ১টার দিকে ১২টি বাসের একটিতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন অন্য বাসে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ২১ মার্চ ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামই মহল্লার বাসিন্দা জহুরুল ইসলাম জনি (২৪) ও পারভেজ মৃধা (২১) এবং নদরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের মোহাম্মদ আলী (৪১)। গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে দুই জন ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে বরকত-রুবেলের স্ত্রীর নামও উঠে আসে।
পরে গত ২৬ অক্টোবর ১২টি বাস পুড়িয়ে দেওয়ার মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন ওরফে বরকতের স্ত্রী আফরোজা পারভীন ও ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজকে আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৮ সপ্তাহের জামিন দেন।
এরপর সে জামিন আটকাতে চেম্বার জজ আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।