নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে নন-টেকনিক্যাল ব্যক্তির নিয়োগে সুযোগ রাখায় ক্ষোভ প্রকাশ করেছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
গতকাল সোমবার (৩১ অক্টোবর) আইইবি'র সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ারের (এসএন্ডডব্লিউ) ২৬০তম সভায় তারা এ ক্ষোভ জানান। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তারা বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদটি সম্পূর্ণ কারিগরিক হওয়া স্বত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তিতে অ-কারিগরিক ব্যক্তিদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। ফলে প্রকৌশলীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সম্পূর্ণ কারিগরি প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে নন-টেকনিক্যাল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অপচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।’
সভায় প্রকৌশলীরা বলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সেক্টর ক্ষতিগ্রস্ত হবে এবং সারা বাংলাদেশের প্রকৌশলী সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। ফলে বর্তমান সময়ে সবচেয়ে প্রয়োজনীয় বিদ্যুৎ উপাদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ সেক্টরে উন্নয়নের গতিপথ বাধাগ্রস্থ হবে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডসহ সকল বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের প্রতিষ্ঠানগুলোতে শীর্ষপদে অকারিগরিক কোনও কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলে এর প্রতিবাদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ, প্রকৌশল প্রতিষ্ঠানগুলোতে ব্যানার টানানো, মানববন্ধন এবং সংবাদ সম্মেলন আয়োজনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
আইইবির এসঅ্যান্ডডব্লিউর পূর্ণাঙ্গ কমিটির সভায় চেয়ারম্যান প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ইজিনিয়ার্স ইনস্টটিউশন, বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক এবং কমিটির সদস্য সচিব প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলুর সঞ্চালনায় সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যসহ আইইবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ইজিনিয়ার নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন এবং আবুল কালাম হাজারী উপস্থিত ছিলেন।