তামাক কোম্পানির অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবিতে যুব সাইকেল র‌্যালি

জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে  তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ডাব্লিউ বিবি ট্রাস্ট, ডাস, নাটাব, এইড ফাউন্ডেশন, প্রত্যাশা সামাজিক সংস্থা ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য তামাকবিরোধী যুব সাইকেল র‌্যালি বের করা হয়।

তামাকবিরোধী বিভিন্ন স্লোগান, ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ডসহ সাইকেল র‌্যালিটি শহীদ মিনার থেকে আরম্ভ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন পাবলিক লাইব্রেরির মহাপরিচালক এবং যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব সমাজকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠা করেন। দেশের যুব সমাজকে তামাক ও নেশামুক্ত রাখতে হলে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ খুবই জরুরি। এছাড়া যুব ও কিশোরদের ধূমপান থেকে দূরে রাখতে খেলাধূলার প্রতি জোর দিতে হবে। এজন্য সারা বছরব্যাপী বিভিন্ন স্থানে নানান ধরনের খেলাধূলার আয়োজন করতে হবে।’

বক্তারা বলেন, তামাক কোম্পানি যুব সমাজকে টার্গেট করে তাদেরকে তামাকে আসক্তির বিভিন্ন কূটকৌশল চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিকতর সংশোধনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বার্থে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা বাধাগ্রস্ত করতে টোব্যাকো ইন্ডান্ট্রি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হস্তক্ষেপ ও নানামুখী  কূটকৌশল চালিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে ‘প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, ‘জনস্বার্থে অবিলম্বে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো থেকে সরকারি শেয়ার প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ১৮ বছরের নিচে তামাক বিক্রি নিষিদ্ধের বিদ্যমান আইনের জোর বাস্তবায়নের দাবি জানানো হয়।