বিমস গোল্ড মেডেল পেলেন দুই বিচারপতি, এক সাংবাদিক

মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজজীবনে শান্তি স্থাপন ও প্রচার-প্রচারে ভূমিকা রাখায় বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম।

শনিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) কর্তৃক এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেদারল্যান্ডসের আরবিট্রেশন কমিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ তাদের হাতে পুরস্কার তুলে দেন। সম্মাননা হিসেবে এক ভরি ওজনের স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বিমসের গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বিমসের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পান্ডে, কমিউনিটি মেডিয়েশন সেন্টারের চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু, সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল হক হেলাল প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিচারক ও আইনজীবীদের মর্যাদা ও গৌরব শীর্ষ মূল প্রবন্ধ পাঠ করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু।

এ সময় বিভিন্ন আন্তর্জাতিক মেডিয়েশন বিশেষজ্ঞদের পাঠানো বার্তা পড়ে শোনান বিমসের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পান্ডে।

২০২১ সালে মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজজীবনে শান্তি স্থাপনে ভূমিকা রাখায়  আন্তর্জাতিক মেডিয়েশন স্বর্ণপদকের জন্য বাংলাদেশ, ভারত ও কেনিয়ার পাঁচ বিচারপতি ও ঢাকা পোস্টের সুপ্রিম কোর্ট প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়। বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী এ ঘোষণা দেন। 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল, জাতিসংঘের অম্বুসম্যান ড. কেভিন বেরি ব্রাউন, ভারতের জম্বু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, কেনিয়ার নারী বিচারপতি জয়েসি অ্যালুসের নাম ঘোষণা করা হয়।

তবে আজ বাংলাদেশের তিন জনকে এই স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। মেডিয়েশন স্বর্ণপদকের জন্য মনোনীত অপর চার জনকে শিগগিরই নেপালে অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।