সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, কার্যকর প্রশিক্ষণই সৈনিকের সর্বোত্তম কল্যাণ এবং যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। প্রশিক্ষণ সহায়ক সামগ্রীর সর্বোত্তম ব্যবহার যুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে। এজন্য এসব সামগ্রী প্রশিক্ষণে ব্যাপকহারে ব্যবহার করা হয়ে থাকে বলে মত প্রকাশ করেন তিনি।
সোমবার (৭ নভেম্বর) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক ব্যবস্থাপনায় সাভার সেনানিবাসের শহিদ লেফটেন্যান্ট তৌফিক মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সেনাবাহিনীর ১০টি মেজর ফরমেশন, ৭টি মাইনর ফরমেশন এবং ২০টি অন্যান্য প্রতিষ্ঠানসহ ৩৭টি দল অংশগ্রহণ করে।
সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শন প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে নবনির্মিত পদাতিক গেইট, ডিভিশন মডেল শেড এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের সপরিবারে বসবাসের জন্য নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকসহ সাভার সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।