যুবলীগের সমাবেশ নিরাপদ রাখতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে নানান ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশ স্থলে বেশ কয়েক দফা সুইপিং করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগের কর্মীরা সমাবেশে যোগ দিতে আসবেন। ফলে ব্যাপক লোক সমাগম হবে। সে সব বিষয় মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ডিএমপির রমনা বিভাগ।

আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে কোনও মহল যাতে কোনও ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশ স্থল এবং সমাবেশের আশেপাশের ঘটনাস্থল সিসিটিভির আওতায় আনা হয়েছে।

রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকবে। সমাবেশ স্থল নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারিসহ রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।’