নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল

ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পল্টনের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সকাল থেকেই ক্ষমতাশীন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনসহ বাম জোট, গণতন্ত্র মঞ্চ ও জাসদ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতারা শ্রদ্ধা জানান। এ সময় তারা বলেন, ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই জীবন্ত স্লোগানকে ধারণ করে নূর হোসেনের সে দিনের  আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। তার রক্তে শাণিত রাজপথে গণজোয়ার সৃষ্টি হলে স্বৈরাচারের পতন হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সেই থেকে নূর হোসেনের ত্যাগকে সম্মান জানিয়ে নূর হোসেন দিবস পালন করে আসছে।

বাম জোটের নেতারা বলেন, গণতন্ত্রকে এখনও মুক্ত করা যায়নি, বরং ফ্যাসিবাদী প্রবণতা, ভয়ের সংস্কৃতি গণতন্ত্রকে বিপদাপন্ন করে ফেলেছে। আরেকটি গণঅভ্যুথানের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় সমাজতন্ত্র অভিমুখে নিয়ে যেতে হবে।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, নূর হোসেন বাংলাদেশের হৃদয়। বাংলার মানুষের আকুতি গণতন্ত্রের। সেই আকুতিকে নূর হোসেন জীবন্ত পোস্টার হিসেবে তুলে ধরেছিলেন। নূর হোসেনের সঙ্গে কেউ কথা রাখেনি। নূর হোসেনের মতো লোকেরা দেশের জন্য জীবন দিয়েছে। আর কিছু সুবিধাভোগী সেই ত্যাগের সুবিধা ভোগ করছে। যে কারণে এরশাদের পতন হলেও গত ৩২ বছরে কোনও শাষক গোষ্ঠী নূর হোসেনের চেতনার গণতন্ত্র বাস্তবায়ন করেনি।