উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই যাত্রী নিয়ে চলার জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ইস্কাটন গার্ডেনে ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এম এ এন সিদ্দিক বলেন, আমাদের ট্রেনগুলোর সিস্টেম ইনট্রিগ্রেশনের কাজ চলছে। এই কাজ শেষ হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠাবো। এরপর তিনি যে সময় দেবেন তখনই উদ্বোধন হবে। আমরা নভেম্বরেই সিস্টেম ইনট্রিগ্রেশনের কাজ শেষ করতে পারি। সিস্টেম ইনট্রিগ্রেশনের পরে ব্ল্যাঙ্ক অপারেশন হবে ৭-১০ দিন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হবে বলে জানিয়েছেন।
এম এ এন সিদ্দিক বলেন, উদ্বোধনের দিনই একসঙ্গে ২ হাজার ৫শ’ যাত্রী ট্রেনে উঠতে পারবে না। কম সংখ্যক নেওয়া হবে। ধীরে ধীরে পূর্ণ সক্ষমতায় নিয়ে আসা হবে। দুটি স্টেশনের কাজ এখনও সমাপ্ত হয়নি। মেট্রোরেলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এমআরটি পুলিশ এখনও পাওয়া যায়নি।