দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের কোর্ট ও অফিস পরিচালনার জন্য নতুন করে সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বর (রবিবার) থেকে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের জন্য কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নলিখিতভাবে নির্ধারণ করা হয়েছে।
অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি হলো, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও অন্যান্য বিরতি থাকবে।
আর অফিসের সময়সূচি হবে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও অন্যান্য বিরতি থাকবে।
একইসঙ্গে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিস পরিচালনার জন্য নতুন করে সময়সূচি নির্ধারণ করেছে প্রশাসন। হাইকোর্ট বিভাগের কোর্টের সময়সূচি হবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও অন্যান্য বিরতি থাকবে। আর অফিসের সময়সূচি হবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও অন্যান্য বিরতি থাকবে।