দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
এর আগে, ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী। পরে কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা একই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র পেশ করেন।
শুনানি শেষে ২০০৭ সালের ১৫ নভেম্বর এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। এরপর ২০১১ সালের ১৫ জুন ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে তিনি হাইকোর্টে আপিল করেন।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু। সেই আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে মামলাটি পুনরায় শুনানির জন্য হাইকোর্টে আসে।