২৪ নভেম্বর ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা

২৪ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এয়ার অ্যাস্ট্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন করেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘দেশের এভিয়েশন শিল্প বদলে যাচ্ছে। আগামী ১৫ বছরে এই শিল্প আরও তিন গুণ প্রবৃদ্ধি হবে। গত ১০ বছরে এ শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছিল দ্বিগুণ।’

নতুন এয়ারলাইন হিসেবে এয়ার অ্যাস্ট্রার সাফল্য কামনা করেন বিমান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘নতুন একটি এয়ারলাইন দেশের এভিয়েশন খাতে যুক্ত হচ্ছে এ বিষয়টি অনেক গর্বের ও আনন্দের। বাংলাদেশ এভিয়েশন হাব হবে। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এয়ার অ্যাস্ট্রা সেই লক্ষ্যের একটি পদক্ষেপ।’

এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজবেবিচক চেয়ারম্যান বলেন, ‘দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে যাত্রীর সংখ্যা বেড়েছে। এই যাত্রীদের ভালো মানের সেবা দিতে হবে। দুটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি হচ্ছে— পরিচালন নিরাপত্তা (অপারেশনাল সেফটি), আরেকটি হচ্ছে যাত্রীসেবা। যাত্রীসেবা টেকসই করতে হবে।’

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘প্রায় ৯ বছর পর বাংলাদেশে একটি নতুন এয়ারলাইন হিসেবে আত্মপ্রকাশ করলো এয়ার অ্যাস্ট্রা। আমরা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবেচয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন হিসেবে নিজের প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিবদ্ধ।’

তিনি বলেন, ‘আগামী ২৪ নভেম্বর ঢাকা থেকে কক্সবাজার আকাশপথে এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট অপারেশন শুরু করবে। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা আকাশপথে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।’

অনুষ্ঠানে বলা হয়, এয়ার অ্যাস্ট্রা ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ এনেছে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপেলার প্রযুক্তির নির্ভরযোগ্য উড়োজাহাজ। এ মডেলের উড়োজাহাজে ৭০ জন যাত্রী বহন করা যায়। আরও  দুটি উড়োজাহাজ চলতি বছরের মধ্যেই দেশে আনা হবে। ২০২৩ সালের মধ্যে এই বহর ১০টি এয়ারক্রাফটে উন্নীত হবে।