কাতার গেলেন সেনাপ্রধান

কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার (২৩ নভেম্বর) চার দিনের সরকারি সফরে কাতার গেছেন।

সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরে তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও কাতার সশস্ত্র বাহিনী আয়োজিত আমন্ত্রিত দর্শক হিসাবে তিনি কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লেষ নেই।

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত এক বছর সময়কালে বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং গত অক্টোবর মাসে কাতার সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ নভেম্বর কাতার থেকে দেশে ফিরবেন।