আদালতে বিচারাধীন বিষয়সহ সত্য ও প্রকৃত চিত্র তুলে ধরে রিপোর্ট করতে সাংবাদিকদের সতর্ক করেছেন হাইকোর্ট।
রবিবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সতর্কতাদেশ দেন।
এর আগে ‘ইসলামী ব্যাংকের ঋণ গ্রহীতাদের অনিয়ম নিয়ে রিট করার পরামর্শ হাইকোর্টের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে কেন্দ্র করে আদালত বলেন, গণমাধ্যমে এসেছে— আমরা নাকি রিট করতে পরামর্শ দিয়েছি। আমরা কোনও কনসালটেন্সি ফার্ম (পরামর্শক সংস্থা) নই যে, আমরা কাউকে পরামর্শ দেবো।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে আদালত বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরে রিপোর্ট করবেন। আমরা কোনও পক্ষে নই। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সব সময় সত্যটা তুলে ধরতে হবে। আর কোর্ট রিপোর্টের ক্ষেত্রে আইনগত জ্ঞান থাকতে হবে।
একইসঙ্গে ভবিষ্যতে আদালত নিয়ে রিপোর্টংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকার নির্দেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ‘ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর’ শিরোনামে সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি আমলে নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির হাইকোর্টের কাছে অনুসন্ধানের আদেশ প্রার্থনা করেন। তখন আদালত তাকে বিষয়টি নিয়ে যথাযথভাবে রিট আকারে আসতে বলেন।
তবে ওই ঘটনায় আদালতের বক্তব্য ধরে অনেকেই প্রতিবেদন করেছেন ‘রিট করতে পরামর্শ দিয়েছে হাইকোর্ট’ উল্লেখ করে সংবাদ পরিবেশন করেন। যার ধারাবাহিকতায় বিষয়টি নজরে আসার পর সাংবাদিকদের সতর্ক করলেন হাইকোর্ট।