বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতিরা

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিযুক্ত নতুন তিন বিচারপতি।

শনিবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রচলিত রীতি অনুসারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিযুক্ত তিন বিচারপতি- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের জন্য আগামীকাল (১১ ডিসেম্বর) সকাল ৯টার সময় আপিল বিভাগের ১ নং এজলাসে ফেলিসিটিশন অনুষ্ঠিত হবে।

এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিযুক্ত তিন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আগামীকাল রবিবার (১১ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দুপুর ২টার সময় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে বিকাল ৩টা ৩০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তারা।

এর আগে গত ৮ ডিসেম্বর রাষ্ট্রপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন। 

একইদিন বিকালে আপিল বিভাগের নতুন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রসঙ্গত, নতুন তিন বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৯ জন বিচারপতি বিচারকার্য পরিচালনার দায়িত্ব পালন রয়েছেন।