বিএনপির কার্যালয়ে কার্যক্রম চালাতে বাধা নেই: পুলিশ

বিএনপি সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারেন। এতে প্রশাসন থেকে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।

রবিবার (১১ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘গতকাল ১০ ডিসেম্বর বিএনপির যে সমাবেশটি হয়েছে, সেটিকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর একটি অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় বিএনপির পার্টি অফিসের সামনে। সেখানে বেশ কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে কিছু মামলাও রুজু হয়েছে। এ মামলার জন্য এবং ক্রাইম সিনের কিছু কাজ পরিচালনার জন্য পার্টি অফিসটি একদিনের মতো বন্ধ ছিল। পরবর্তী সময়ে পার্টি অফিসের চাবি তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং পার্টি অফিস তাদের নিয়ন্ত্রণে ছিল।’ 

ব্যারিকেড নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য ছিল, তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এবং ঢাকা মহানগরীর বিশেষ করে মিতিঝিলের শৃঙ্খলার স্বার্থে কিছু চেক পোস্ট বসানো হয়েছিল। সেগুলো ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া নয়াপল্টনের সড়ক আজ সম্পূর্ণভাবে খোলা আছে।’ যান চলাচল এবং মানুষের চলাচল স্বাভাবিক আছে বলে জানান ডিসি হায়াতুল ইসলাম। 

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেদিন বিএনপির মহাসচিবকে কার্যালয়ে যেতে দেওয়া হয়নি, সেদিন কিন্তু দুপুরের পর সিআইডির ক্রাইম সেখানে কাজ করছিল। আজ থেকে তারা যেতে পারবেন। এছাড়া ক্রাইম সিনের বিষয়টি ডিবিকে হস্তান্তর করা হয়েছে। তারা তল্লাশি করে কিছু পেয়েছে কি না, তারা বলতে পারবেন।’