আইকাও’র স্বাস্থ্যবিষয়ক আঞ্চলিক জোটে বাংলাদেশ

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) অন্তর্ভুক্ত  কোলাবেরশন অ্যারেঞ্জমেন্ট ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব পাবলিক হেলথ  ইভেন্টস ইন সিভিল এভিয়েশন, এশিয়া প্যাসিফিক (ক্যাপসেক-এপি)  এর ১৫তম আঞ্চলিক স্বাস্থ্যবিষয়ক জোট সভায় যোগ দিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ১৫তম সভা  ফিলিপাইনের ম্যানিলায় শুরু হয়। বিদায়ী সভাপতি হিসেবে সভার শুরুতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ক্যাপসেক-এপি এর ২০১৯ সালের ২১-২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত সভায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সভাপতি নির্বাচিত হন।

সভায় বেবিচক চেয়ারম্যান কোভিড সংক্রমণকালে বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের এভিয়েশন খাতের স্থবির হয়ে যাওয়ার  বিষয়টি তুলে ধরেন। মফিদুর রহমান বলেন, ‘বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপের কারণে বাংলাদেশ কোভিড-১৯ সংক্রমণকালে কোভিড প্রতিরোধ, টিকা প্রদান কর্মসূচি সুষ্ঠু  ও সুন্দরভাবে বাস্তবায়ন এবং বাংলাদেশের এভিয়েশন খাত পুনরায় চালু করা সম্ভব হয়েছে।’

১৫তম সভার শুরুতে ফিলিপাইন সিভিল এভিয়েশন অথরিটির  মহাপরিচালক ক্যাপ্টেন ম্যানুয়েল এন্টোনিও তামায়ো ক্যাপসেক-এপি’র  নতুন সভাপতি নির্বাচিত হন। নব নির্বাচিত সভাপতি ও আইকাও এর এশিয়া প্যসিফিক রিজিওনাল অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মানজিত সিং কোভিডের সংকটকালীন সময়ে সভাপতি হিসেবে গুরুদায়িত্ব পালন করায় বেবিচকের  চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

দু’দিন ব্যাপী এ সভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো ও আইকাও’র সহযোগী সংস্থাগুলো অংশগ্রহণ করে। সভায় বেবিচক চেয়ারম্যানসহ এভিয়েশন পাবলিক হেলথ ইন্সপেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুর রব মিয়া ও মেডিক্যাল এসেসর কর্নেল (অব.) আব্দুল খালেক অংশগ্রহণ করেন।