মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় আপিল বিভাগের বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
জাতি আজ বাঙালি জাতির জন্য সবচেয়ে মূল্যবান দিন ৫২তম বিজয় দিবস উদযাপন করছে। ৫১ বছর আগে এই দিনে ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে বাঙালির বিজয় সূচিত হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।