জাল সনদ তৈরি চক্রের সদস্য গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ থেকে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল রবিবার তাকে জাল সনদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তির নাম আল আমিন (২২)। তার কাছ থেকে পাঁচটি জাল সার্টিফিকেট ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতার ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছে বলে গোয়েন্দা তথ্য পায় র‌্যাব। পরে ছায়া তদন্তে নেমে একই তথ্য পাওয়া যায়।

জানা যায়, আল আমিন ব্যবসার আড়ালে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ তৈরি করে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ আরও দুইজনকে গ্রেফতার র‌্যাব-১০। তারা হলেন—দারুস্ সালাম সোহান ও মিহাদ সিকদার। তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।