নতুন বছরকে স্বাগত জানিয়ে থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো বেশ কিছু ফানুস আটকা পড়েছিল মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে। এতে দুর্ঘটনা রোধে স্থগিত রাখা হয়েছিল মেট্রোরেলের চলাচল। পরে সেগুলো সরিয়ে দুই ঘণ্টা পর মেট্রোরেলের চলাচল আবার শুরু হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে মেট্রোরেলের চলাচল শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে চারটি ট্রেন পৌঁছেছে। আর আগারগাঁও থেকে তিনটি ট্রেন উত্তরা উত্তর স্টেশনে এসে পৌঁছেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক ও মেট্রো স্টেশনের ভেতরেও ভিড় কমেছে।
তিনি এর আগে জানান, প্রতিদিন সকালে ৮টার আগেই চারটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেগুলো ৮টা থেকে চলাচল শুরু করে। আজ সকালে যাওয়ার পথে মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। নিরাপত্তার স্বার্থে ট্রেনগুলো লাইনেই থামিয়ে রাখা হয়। পরে বৈদ্যুতিক লাইন অফ করে ফানুস অপসারণের কাজ করা হয়।